লেটেস্ট নিউজ

রিষড়া আন্ডারপাসের কাজ: হাওড়া ডিভিশনে আজ রাত থেকে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়া ডিভিশনের রিষড়া আন্ডারপাসের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য আজ রাত থেকে ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন ঘটতে চলেছে। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, আজ রাত ১০টা ৪০ মিনিট থেকে আগামীকাল রবিবার সকাল ৭টা পর্যন্ত দীর্ঘস্থায়ী ‘পাওয়ার ব্লক’ নেওয়া হবে। এই সময়ের মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইন, ব্যান্ডেল, কাটোয়া, তারকেশ্বর ও আরামবাগ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই আন্ডারপাসটি রিষড়া শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তের সংযোগকারী প্রধান পথ। রেল গেটের যানজট ও নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যুদ্ধের তৎপরতায় কাজ চলছে এবং চলতি বছরের মধ্যেই আন্ডারপাসটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।

কাজ চলাকালীন ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে, যার ফলে কাল সকাল ৭টার পর ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবায় কিছুটা ঘাটতি থাকতে পারে। যাত্রীদের সতর্ক করতে প্রতিটি স্টেশনে ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে। আগামীকাল সকালে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের হাতে বাড়তি সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ট্রেনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *