রেকর্ড পতন সোনার বাজারে মহাধস, এক ধাক্কায় ২৯ হাজার টাকা কমল দাম – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ভারতের বাজারে সোনার দামে নজিরবিহীন পতন লক্ষ্য করা গেল। শুক্রবার সকালে বাজার খুলতেই স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। অল ইন্ডিয়া বুলিয়ন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৪.৩৭ শতাংশ বা প্রায় ৭,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৫৩,৩০০ টাকা। উল্লেখ্য যে, গত জানুয়ারি মাসে সোনার দাম সর্বোচ্চ শিখরে পৌঁছালেও বর্তমানে তা প্রায় ২৯,৭০০ টাকা বা ১৬ শতাংশ হ্রাস পেয়েছে।
ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১,৫০,২৮০ টাকা এবং ২২ ক্যারেট গয়নার সোনার দাম ১,৩৭,৭৫০ টাকা রেকর্ড করা হয়েছে। মুম্বই এবং ব্যাঙ্গালোরেও সোনার দর কলকাতার সমান থাকলেও চেন্নাইতে দাম কিছুটা বেশি। দিল্লি ও চেন্নাইয়ের বাজারে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের মূল্য যথাক্রমে ১,৫০,৪৩০ এবং ১,৫১,৬৪০ টাকা।
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন বন্ডের ইল্ড বৃদ্ধি পাওয়ার কারণেই সোনা তার আকর্ষণ হারিয়েছে। এছাড়া মার্কিন ফেডারেল রিজার্ভ ও ব্যাঙ্ক অফ জাপানের কঠোর আর্থিক নীতি এবং অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সোনা ও রুপোর দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশ্ববাজারের এই পরিবর্তনের প্রভাবেই ভারতীয় বাজারে সোনার দামে এই বড়সড় পতন দেখা দিয়েছে যা বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

