লেটেস্ট নিউজ

রেজিনগরে বিজেপি প্রার্থী বদলের দাবিতে ধুন্ধুমার: জেলা কার্যালয়ে তুঙ্গে কর্মী বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বাপন ঘোষের নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের অন্দরে তীব্র ক্ষোভ আছড়ে পড়েছে। শনিবার বহরমপুরের কারবালা এলাকায় দলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে চড়াও হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভকারীরা জেলা সভাপতি মলয় মহাজনের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন।

বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, মনোনীত প্রার্থীকে আগে কখনও দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। অজ্ঞাত কারণে এবং অর্থের বিনিময়ে তাঁকে টিকিট দেওয়া হয়েছে বলে দাবি তুলেছেন তাঁরা। স্লোগান ও বিক্ষোভের মাধ্যমে কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, দলের লড়াই-আন্দোলনে যাঁকে পাওয়া যায় না, তাঁকে প্রার্থী হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নেতৃত্ব। অবিলম্বে প্রার্থী বদল করা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। শুধু রেজিনগর নয়, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সল্টলেক ও অন্যান্য জেলাতেও, যেখানে দফায় দফায় বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *