রেল ও এক্সিম ব্যাঙ্কে কর্মী নিয়োগ, কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস (RITES) লিমিটেড এবং এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাইটস লিমিটেডে ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট ও সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে, যার কর্মস্থল হবে মুম্বই। অন্যদিকে, এক্সিম ব্যাঙ্কে ইন্টারনাল অডিট, হিউম্যান রিসোর্স এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ম্যানেজারিয়াল পদে মোট ছয়জন দক্ষ প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাইটস লিমিটেডে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক বা ডিপ্লোমা সহ অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা এবং কনস্ট্রাকশন সেফটির শংসাপত্র থাকা আবশ্যিক। আবেদনকারীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। এখানে নিযুক্ত কর্মীরা মাসে সর্বোচ্চ ৮১,৫০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এক্সিম ব্যাঙ্কের ক্ষেত্রেও নির্দিষ্ট বিভাগগুলোতে যোগ্যতার ভিত্তিতে আবেদন গ্রহণ করা হচ্ছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাইটস লিমিটেডের ক্ষেত্রে আগামী ২৭ মার্চ অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতির জন্য চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ জানানো হয়েছে।

