লেটেস্ট নিউজ

‘রোজ রোজ ডিমের ঝোল, খাব না যাও’, বলতেই স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

খাবার টেবিলে সামান্য ডিমের ঝোল নিয়ে বচসা যে এমন ভয়ানক রূপ নিতে পারে, তা ভাবতেও পারেননি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বিপিন কুমার। রোজ রোজ একই মেনু দেখে বিরক্ত হয়ে স্ত্রীকে দু-কথা শুনিয়েছিলেন স্বামী, আর তার জেরেই নিজের জিভ খোয়াতে হলো তাঁকে।

গাজিয়াবাদের সঞ্জয়পুরীর বাসিন্দা বিপিন সোমবার রাতে কাজ থেকে ফিরে খাবার পাতে ডিমের ঝোল দেখে মেজাজ হারান। তিনি চিৎকার করে স্ত্রীকে বলেন, “রোজ রোজ কেন ডিম করো? আমি খাব না।” এই নিয়ে শুরু হয় তুমুল ঝগড়া। অভিযোগ, বাগবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী ইশা স্বামীর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং দাঁত দিয়ে বিপিনের জিভ কামড়ে ছিঁড়ে নেন।

রক্তাক্ত অবস্থায় বিপিনকে উদ্ধার করে দ্রুত মিরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর জিভের প্রায় ২.৫ সেন্টিমিটার অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। অস্ত্রোপচার করেও তা জোড়া লাগানো সম্ভব হয়নি, যার ফলে বিপিন চিরতরে কথা বলার শক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত বছর জুন মাসে বিপিন ও ইশার বিয়ে হয়েছিল। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত। ঘটনার রাতে বচসা চলাকালীন বিপিন তাঁর স্ত্রীর মদ্যপান ও সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো নিয়ে কটাক্ষ করেছিলেন, যা থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বামীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইশাকে গ্রেপ্তার করেছে এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *