রোজ হাঁটলেই ফিট! ব্রিস্ক ওয়াকে লুকিয়ে দীর্ঘায়ু ও সুস্থতার রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
অলস জীবনযাপন থেকে বাড়ছে ওবেসিটি, ডায়াবিটিস ও হৃদরোগের ঝুঁকি। তবে সুস্থ থাকতে জিমে যাওয়া বাধ্যতামূলক নয়। নিয়মিত ব্রিস্ক ওয়াক বা দ্রুত হাঁটাই হতে পারে ফিট থাকার সহজ চাবিকাঠি। কিন্তু শুধু হাঁটলেই হবে না—কতক্ষণ হাঁটবেন, কী গতিতে হাঁটবেন এবং তার প্রভাব শরীরে কীভাবে পড়ে, তা জানা জরুরি। গবেষণায় দেখা গেছে, দিনে মাত্র ১৫ মিনিট হাঁটলেও আয়ু বাড়তে পারে কয়েক বছর পর্যন্ত। আবার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে দিনে অন্তত ৩০ মিনিট ব্রিস্ক ওয়াক আদর্শ। ওজন কমাতে চাইলে ৫–৭ কিলোমিটার হাঁটা উপকারী, আর ১০–২০ মিনিটের দ্রুত হাঁটাই কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
নিয়মিত ব্রিস্ক ওয়াক করলে শরীর ও মনের নানা উপকার মেলে। দিনে প্রায় ৮ হাজার স্টেপ হাঁটলে মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে এবং হৃদ্যন্ত্র ভালো থাকে। খাওয়ার পর ১৫–২০ মিনিট হাঁটলে হজমের সমস্যা কমে ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি হাড় ও জয়েন্ট শক্ত হয়, বাত বা পিঠ-ঘাড়ের ব্যথা কমে। প্রকৃতির মাঝে হাঁটা মানসিক চাপ কমিয়ে অবসাদ দূর করে, ঘুমের মান উন্নত করে। শুধু তাই নয়, সপ্তাহে কয়েকদিন নিয়ম করে ব্রিস্ক ওয়াক করলে স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে। তাই সুস্থ শরীর ও সতেজ মন পেতে আজ থেকেই হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

