রোষানল উপেক্ষা করে ভারতে মাংস রপ্তানিতে জোয়ার: ৫ বছরে আয় বেড়েছে রেকর্ড পরিমাণ – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশে মাংস বিক্রি, পরিবহণ ও খাদ্যাভ্যাস নিয়ে কট্টরপন্থী সংগঠনগুলোর বিরোধিতার আবহ থাকলেও ভারতের মাংস রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এই খাতের আয় ৩২২ কোটি ডলার থেকে বেড়ে ৪১৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। সিপিএম সাংসদ জন ব্রিটাসের প্রশ্নের উত্তরে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জীতিন প্রসাদ সংসদে এই পরিসংখ্যান পেশ করেন।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২০-২১ অর্থবর্ষে ভারত ১০.৯৮ লক্ষ মেট্রিক টন মাংস রপ্তানি করলেও ২০২৪-২৫ সালে তা বেড়ে ১২.৭৪ লক্ষ মেট্রিক টন হয়েছে। এই রপ্তানির সিংহভাগই মহিষের মাংস, তবে ভেড়া ও ছাগলের মাংসের চাহিদাও বেড়েছে। যদিও কেন্দ্রীয় সরকার বর্তমানে গোমাংস রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। মোদি সরকারের আমলে এই ধারাবাহিক বৃদ্ধি ব্যবসায়িক ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে, গোরক্ষক ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হামলা ও ধর্মীয় মেরুকরণের আবহে সরকারের এই অবস্থান নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, একদিকে ব্যবসায়ীরা আক্রমণের শিকার হচ্ছেন, অন্যদিকে সরকার রপ্তানি বাড়িয়ে কোষাগার ভরছে। এমনকি একটি শীর্ষস্থানীয় মাংস রপ্তানিকারক সংস্থা নির্বাচনি বন্ডের মাধ্যমে শাসকদলকে বড় অঙ্কের অনুদান দিয়েছে বলেও সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই দ্বিমুখী নীতি ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে।

