লেটেস্ট নিউজ

লক্ষাধিক প্রবীণ নাগরিকের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা

রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য এল বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ‘জয় বাংলা’ প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হতে চলেছে আরও ১ লক্ষ ২৮ হাজার নতুন নাম। ২০২৫ সালের শেষ আট মাস ধরে চলা ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবং শারীরিক যাচাইকরণ প্রক্রিয়ার পর এই বিপুল সংখ্যক উপভোক্তাকে প্রকল্পের অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

ফেব্রুয়ারি মাস থেকেই এই নতুন উপভোক্তারা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেতে শুরু করেছেন। মূলত জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের (এনএসএপি) অধীনে থাকা ‘পার্মানেন্ট ওয়েটিং লিস্ট’ থেকে এই নামগুলি দ্রুততার সঙ্গে মূল তালিকায় নিয়ে আসা হয়েছে। নতুন এই তালিকায় প্রবীণদের পাশাপাশি বেশ কিছু সংখ্যক বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও রয়েছেন।

বর্তমানে রাজ্যে এনএসএপি প্রকল্পের অধীনে ২০ লক্ষ ৪৬ হাজার মানুষ বার্ধক্য ভাতা পান। ৬০ থেকে ৮০ বছর বয়সীদের ক্ষেত্রে প্রতি মাসে দেওয়া হয় ১ হাজার টাকা। নিয়ম অনুযায়ী, এই ১ হাজার টাকার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় মাত্র ৩০০ টাকা, আর বাকি ৭০০ টাকাই বহন করে রাজ্য সরকার। আবার ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে রাজ্যের দেয় ৫০০ টাকা।

প্রকল্পের কৃতিত্ব নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন দীর্ঘদিনের। নবান্নের আধিকারিকদের দাবি, কেন্দ্রীয় সরকার কৃতিত্ব নিতে চাইলেও সিংহভাগ আর্থিক বোঝা রাজ্যকেই বইতে হচ্ছে। উল্লেখ্য, প্রায় দু’বছর আগে এক সমীক্ষায় দেখা গিয়েছিল যে রাজ্যে আরও প্রায় সাড়ে সাত লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব। সেই মোতাবেক উপভোক্তার কোটা ২০ লক্ষ ৪৬ হাজার থেকে বাড়িয়ে ২৮ লক্ষ করার আবেদন জানানো হয়েছিল কেন্দ্রের কাছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দিল্লি এ বিষয়ে এখনও কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় রাজ্য নিজের উদ্যোগেই নতুন নাম অন্তর্ভুক্তির কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *