লক্ষ্মীলাভ শিলিগুড়ির মেয়ের, কোটি টাকার স্মৃতি মন্ধনার সঙ্গে একই দলে রিচা ঘোষ – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্রিটেনের হাইভোল্টেজ ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে রিচা ঘোষকে নিয়ে চলল ব্যাপক দড়ি টানাটানি। শেষ পর্যন্ত শিলিগুড়ির এই তারকা উইকেটকিপার-ব্যাটারকে ৫০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬১ লক্ষ ৭৫ হাজার টাকায় দলে নিল ম্যানচেস্টার সুপার জায়েন্টস। এই একই দল রেকর্ড ১ কোটি ১১ লক্ষ টাকায় কিনেছে ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনাকে। ফলে এবার ইংল্যান্ডের মাটিতেও আরসিবি-র দুই সতীর্থকে একই জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে।
এবারের নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে স্মৃতি ও রিচা ছাড়াও নজর কেড়েছেন জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা এবং যস্তিকা ভাটিয়া। দীপ্তি এবং যস্তিকাকে তাদের বেস প্রাইসেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জেমিমা খেলবেন সাউদার্ন ব্রেভসের হয়ে। তবে ভারতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর এই নিলামে নিজের নাম নথিভুক্ত করাননি। ভারতীয় পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না থাকলেও, প্রমীলা বাহিনী বরাবরের মতো এবারও বিদেশের মাটিতে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন।
নিলামের সর্বোচ্চ দরের দিক থেকে বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকা বেথ মুনি ও সোফি ডিভাইন বাজিমাত করেছেন। তারা দুজনেই প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা দর পেয়েছেন। উল্লেখ্য, রিচা ঘোষ বর্তমানে ডব্লিউপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১ কোটি ৯০ লক্ষ টাকার চুক্তিতে রয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে রিচার বিধ্বংসী ব্যাটিং এবং উইকেটের পিছনে ক্ষিপ্রতা তাকে বিশ্বের অন্যতম সেরা ফিনিশারের মর্যাদা দিয়েছে। আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মোট আটটি দলের এই ১০০ বলের ক্রিকেট যুদ্ধ চলবে।

