লেটেস্ট নিউজ

লন্ডনের বিশ্বমঞ্চে কলকাতার জয়জয়কার! সিনিয়র টেবল টেনিস বিশ্বকাপে ডাক পেল ১৬ বছরের বিস্ময় বালিকা সিন্ড্রেলা – এবেলা

এবেলা ডেস্কঃ

জুনিয়র স্তরে একের পর এক সোনা জয়ের পর এবার বড়দের আঙিনায় দাপট দেখাতে তৈরি কলকাতার মেয়ে সিন্ড্রেলা দাস। আগামী ২৮ এপ্রিল থেকে লন্ডনে শুরু হতে চলা বিশ্ব সিনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছে এই কিশোরী টেবিল টেনিস তারকা। ভারতীয় টেবল টেনিস ফেডারেশনের পক্ষ থেকে ইতিমত্যেই এই সুখবর জানানো হয়েছে বাংলার সংস্থাকে।

চলতি বছরের শুরুতেই বডোদরায় যুব প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ সিঙ্গলস এবং মিক্সড ডাবলসে জোড়া পদক জিতে নিজের জাত চিনিয়েছিল সিন্ড্রেলা। এর আগে স্লোভেনিয়া, ইতালি, আলজেরিয়া এবং শ্রীলঙ্কার মতো আন্তর্জাতিক মঞ্চেও ভারতের হয়ে একাধিক সোনা জিতেছে সে। ১৬ বছর বয়সেই তার ক্যাবিনেটে রয়েছে একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক খেতাব।

কলকাতার এই প্রতিভাময়ী খেলোয়াড়ের স্বপ্ন এখন অনেক দূরে। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দেশের হয়ে পদক জেতাই এখন সিন্ড্রেলার পাখির চোখ। সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই সুযোগ তার সেই লক্ষ্যপূরণের পথে প্রথম বড় পদক্ষেপ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *