লন্ডনে তিলক পরায় স্কুল থেকে বহিষ্কৃত ৮ বছরের হিন্দু শিশু, তদন্তে পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
লন্ডন: ব্রিটেনের মাটিতে ধর্মীয় বৈষম্যের এক চরম নিদর্শন প্রকাশ্যে এল। কপালে তিলক পরার অপরাধে লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো আট বছর বয়সী এক হিন্দু ছাত্রকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রবাসী ভারতীয়দের মধ্যে।
মানসিক হেনস্থার অভিযোগ জানা গেছে, লন্ডনের ভিকার্স গ্রিন প্রাইমারি স্কুলের ওই ছাত্রকে তিলক পরার জন্য বারবার জেরা করেন স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, তাকে তার ধর্মীয় বিশ্বাসের স্বপক্ষে প্রমাণ দিতে বাধ্য করা হয়। কেবল তাই নয়, টিফিনের সময় ওই খুদে পড়ুয়ার ওপর কড়া নজরদারি চালাতেন প্রধান শিক্ষক। এই মানসিক চাপে পড়ে শিশুটি খেলাধুলা ছেড়ে দেয় এবং বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আইন লঙ্ঘনের অভিযোগ ‘ইনসাইট ইউকে’ নামক একটি সংস্থা এই ঘটনাটি সামনে এনেছে। তাদের দাবি, ব্রিটিশ ‘সমতা আইন ২০১০’ (Equality Act 2010) অনুযায়ী এটি স্পষ্ট ধর্মীয় বৈষম্য। সংস্থাটি জানিয়েছে, এই একই স্কুলে ধর্মীয় হেনস্থার শিকার হয়ে এ পর্যন্ত অন্তত চারজন পড়ুয়া স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। তিলক পরার কারণে ওই ছাত্রকে স্কুলের বিশেষ দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
প্রতিক্রিয়া ইনসাইট ইউকে-এর মুখপাত্র বলেন, “কোনো শিশুকে তার ধর্মীয় বিশ্বাসের জন্য এভাবে কোণঠাসা করা অনুচিত। এটি শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে।” বর্তমানে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

