লাইনে দাঁড়ানোর দিন শেষ এখন ঘরে বসেই আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করুন – এবেলা
এবেলা ডেস্কঃ
আধার কার্ডে পুরনো মোবাইল নম্বর বদলে ফেলার জন্য এখন আর আধার সেন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তাদের অফিশিয়াল অ্যাপে বড়সড় বদল এনেছে। এখন স্মার্টফোনের মাধ্যমেই দ্রুত এই কাজ সারতে পারবেন গ্রাহকরা।
কিভাবে করবেন?
প্রথমে ফোনে আধার অ্যাপের লেটেস্ট ভার্সনটি ইনস্টল বা আপডেট করুন। অ্যাপ ওপেন করে ‘মোবাইল নম্বর আপডেট’ অপশনে যান। সেখানে আপনার নতুন নম্বরটি দিয়ে OTP-র মাধ্যমে ভেরিফাই করুন। এরপর ফেস অথেন্টিকেশনের জন্য অ্যাপটি আপনার মুখ স্ক্যান করবে। সবশেষে ডেমোগ্রাফিক আপডেটের জন্য ৭৫ টাকা ফি জমা দিলেই ডাটাবেসে নতুন নম্বর নথিভুক্ত হয়ে যাবে।
সরকারের নতুন পরিকল্পনা
শোনা যাচ্ছে, সরকার আগামী দিনে সব নতুন স্মার্টফোনে আধার অ্যাপটি আগে থেকেই ইনস্টল করে রাখার চিন্তাভাবনা করছে। তবে অ্যাপল এবং স্যামসাংয়ের মতো বড় সংস্থাগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইফোন দুই মাধ্যমেই এই অনলাইন পরিষেবা পাওয়া যাচ্ছে।

