লাইভ শেষে কনে সেজে চরম পদক্ষেপ নিলেন গায়িকা দেবলীনা নন্দী – এবেলা
এবেলা ডেস্কঃ
সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর হাসি মুখের আড়ালে লুকিয়ে ছিল গভীর পারিবারিক যন্ত্রণা। সম্প্রতি একটি ফেসবুক লাইভে নিজের কষ্টের কথা জানিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। দেবলীনার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মাকে ছেড়ে দেওয়া এবং সঙ্গীতচর্চা বন্ধ করার জন্য শ্বশুরবাড়ি থেকে ক্রমাগত মানসিক চাপ দেওয়া হচ্ছিল। প্রতিকূল পরিস্থিতির কাছে হার মেনে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি জীবন শেষ করার পথ বেছে নেন।
বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী। তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সায়ক জানিয়েছেন, দেবলীনা এখন অনেকটা বিপদমুক্ত হলেও তাঁর মানসিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং শিল্পীর শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিনোদন জগতের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

