লাঠিতে ভর দিয়ে ডিএমের দপ্তরে ৮৫ বছরের ঠাকুমা! ৮৮ বছরের দাদুর কীর্তি জানলে অবাক হবেন আপনিও – এবেলা
এবেলা ডেস্কঃ
কানপুর জেলাশাসকের জনশুনানিতে পৌঁছে চাঞ্চল্য ছড়ালেন ৮৫ বছর বয়সী রাজরানী। তাঁর অভিযোগ, স্বামী শিবরাম প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত কর্মী এবং প্রতি মাসে ৪০ হাজার টাকা পেনশন পান। তাসত্ত্বেও চিকিৎসার খরচ তো দূর, উল্টে ৬০ বছরের দাম্পত্যের শেষে শুরু হয়েছে শারীরিক নির্যাতন ও অকথ্য গালিগালাজ। বৃদ্ধার দাবি, পাড়ার এক ওষুধ দোকানদারের উস্কানিতেই তাঁর স্বামী এমন আচরণ করছেন।
ঘটনার গুরুত্ব বুঝে ডিএম জিতেন্দ্র প্রতাপ সিং তৎক্ষণাৎ তদন্তকারী দল পাঠান রাজরানীর বাড়িতে। সেখানে গিয়ে জানা যায়, ৮৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে খিটখিটে মেজাজ থেকেই মূলত অশান্তির সূত্রপাত। প্রশাসনিক হস্তক্ষেপে রাজরানীকে তাঁর ব্যাঙ্কের পাসবই ও চেকবুক ফিরিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি আর্থিক স্বাধীনতা পান। শেষ পর্যন্ত প্রশাসনের কাউন্সেলিং-এ দুই বৃদ্ধ দম্পতি ফের মিলেমিশে থাকতে রাজি হয়েছেন।

