লেটেস্ট নিউজ

লাভপুরে অভিষেকের জনসভা শেষে মঞ্চে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের লাভপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা শেষে মঞ্চে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় প্রার্থী অভিজিৎ সিনহার সমর্থনে আয়োজিত এই সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মঞ্চের একাংশ থেকে ধোঁয়া ও শিখা বেরোতে দেখা যায়। সৌভাগ্যবশত, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন না। দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে মনে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের আগে জনসভা থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে জনকল্যাণমূলক প্রকল্প নেই, অথচ তারা বাংলায় মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করে তিনি জানান, আগামী পাঁচ বছরে যোগ্য হিতাধিকারীদের পাকা বাড়ি দেবে রাজ্য সরকার। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে অনুদান বৃদ্ধি এবং পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

নির্বাচনী প্রচারের এই হেভিওয়েট সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রামনবমীকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা প্রকাশ করে বিজেপিকে ‘দাঙ্গাবাজ’ বলে তোপ দাগেন। তিনি দাবি করেন, আসন্ন লড়াই বিজেপিকে ৫০-এর নিচে নামানোর লড়াই। বীরভূমে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ৬০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে তিনি উপস্থিত জনতাকে দিল্লির ‘স্বৈরাচারী’ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ভয় বনাম ভরসার এই লড়াইয়ে তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়ে তিনি নিজের বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *