লেটেস্ট নিউজ

লালগোলায় বাম-কংগ্রেস জোটে বড়সড় ধস: ভোটের আগে পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের লালগোলায় বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল ঘটল। রবিবার বাম-কংগ্রেস জোটের হাত থেকে লালগোলা পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ত্যাগ করে পঞ্চায়েত সমিতির সভাপতি, তিন কর্মাধ্যক্ষসহ মোট পাঁচজন সদস্য আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। এর ফলে জেলায় বিরোধীদের দখলে থাকা একমাত্র পঞ্চায়েত সমিতিটির নিয়ন্ত্রণ হারাল বাম-কংগ্রেস জোট।

জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও জাকির হোসেনের উপস্থিতিতে এই দলবদল কর্মসূচি সম্পন্ন হয়। ৩৬ আসনের এই সমিতিতে আগে তৃণমূলের ১২ জন সদস্য থাকলেও, নতুন করে পাঁচজন যোগ দেওয়ায় তারা এখন একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। দলত্যাগী সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ হুমায়ন কবীর, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নজরুল ইসলাম এবং মৎস্য কর্মাধ্যক্ষ তাজিনুর বিবির মতো প্রভাবশালী নেতৃত্ব।

তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই এই যোগদান। অন্যদিকে, দলত্যাগী নেতারা এলাকার সার্বিক অগ্রগতির স্বার্থে শাসক দলে আসার কথা জানিয়েছেন। এই ঘটনার ফলে লালগোলার রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস ও সিপিএম বড়সড় ধাক্কা খেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *