লেটেস্ট নিউজ

লাল-হলুদের মশাল ঝড়ে চুরমার মহমেডান, সমালোচকদের মুখ বন্ধ করে হুঙ্কার অস্কারের – এবেলা

এবেলা ডেস্কঃ

যুবভারতীতে সাত গোলের মালা! মহমেডান স্পোর্টিংকে ৭-০ ব্যবধানে ধুলোয় মিশিয়ে লিগ টেবিলে দাপুটে প্রত্যাবর্তন ঘটাল ইস্টবেঙ্গল। গত তিন ম্যাচের খরা কাটিয়ে এই বিধ্বংসী জয়ের পর আর আবেগ ধরে রাখতে পারলেন না লাল-হলুদ কোচ অস্কার ব্রুজ়োঁ। মাঠ ছাড়ার আগে স্পষ্ট জানিয়ে দিলেন, আইএসএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইস্টবেঙ্গলের নাম।

টানা ব্যর্থতায় গ্যালারি থেকে ধেয়ে আসা ‘গো ব্যাক অস্কার’ স্লোগান এখন অতীত। স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ ইজেজারি ও আনোয়ার আলির জোড়া গোলের দাপটে সাদা-কালো ব্রিগেডকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিল মশাল বাহিনী। একটি করে গোল করেছেন সল ক্রেসপো, পিভি বিষ্ণু এবং নন্দ কুমার। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।

ম্যাচ শেষে কিছুটা অভিমানী সুরেই অস্কার বলেন, “সংবাদমাধ্যমকে আগেও বলেছি, আজও বলছি— আমি এই ক্লাবের নাম ইতিহাসে খোদাই করে দিয়ে যেতে চাই। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ফুটবলাররা নিজেদের নিংড়ে দিয়েছে, এটাই সবথেকে বড় প্রাপ্তি।” এই জয়ের ফলে মুম্বই সিটি, মোহনবাগান ও জামশেদপুরের ঠিক পেছনেই থেকে খেতাবি লড়াইয়ে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল লাল-হলুদ ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *