লাশের পাশে মাছ লুট, বিহারে মর্মান্তিক দুর্ঘটনায় মানবিকতা হারাল জনতা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিহারে সীতামঢ়ীর পুপরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির ছাত্র রীতেশ কুমার। টিউশন থেকে ফেরার পথে দ্রুতগামী একটি মাছবোঝাই ট্রাক তাকে পিষে দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হলেও স্থানীয়দের মধ্যে তাকে উদ্ধারের কোনও তাগিদ দেখা যায়নি। বরং রক্তাক্ত মরদেহের পাশে ছড়িয়ে থাকা মাছ ব্যাগে ভরে নিয়ে যেতেই ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত জনতা।
দুর্ঘটনার খবর পেয়ে রীতেশের পরিবার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এই অমানবিক দৃশ্য চোখে পড়ে। ঘাতক ট্রাকটি উল্টে যাওয়ায় মাছ লুট করার হিড়িক পড়ে যায়, যেখানে এক কিশোরের প্রাণহানিও সাধারণ মানুষের মনে বিন্দুমাত্র রেখাপাত করেনি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি বাজেয়াপ্ত করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

