শশী পাঁজার ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার অবসান, সবুজ সংকেত দিল কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের সাপ্লিমেন্টারি তালিকায় নাম থাকা ‘বিবেচনাধীন’ ভোটারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মাঝেই স্বস্তির খবর পেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা। বুধবার সিইও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁর ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীর সামনে আর কোনো আইনি বাধা রইল না।
এর আগে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এনুমারেশন ফর্মে তথ্যগত ত্রুটির অভিযোগে শশী পাঁজাকে শুনানিতে তলব করেছিল কমিশন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, অ্যাপের কারিগরি বিভ্রাট এবং কমিশনের কর্মকর্তাদের অযথা হয়রানির কারণে তাঁকে নথিপত্র নিয়ে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এমনকি প্রতিবাদ স্বরূপ তিনি পাসপোর্ট দেখাতেও অস্বীকার করেছিলেন।
অবশেষে শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই কমিশনের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো। তিনবারের বিধায়ক ও মন্ত্রীর ভোটার পদের বৈধতা নিয়ে তৈরি হওয়া দোলাচলের ইতি ঘটায় রাজনৈতিক মহলে জল্পনার অবসান ঘটেছে। কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, প্রয়োজনীয় যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাঁর নাম এখন সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৈধ প্রার্থী।

