শাসকের রোষানলে অনুষ্ঠান বাতিল এবং বিস্ফোরক পল্লব কীর্তনিয়া
ভিন্ন সুরে গান গাওয়ার মাশুল হিসেবে বছরের পর বছর বঞ্চনার শিকার হচ্ছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন লোকসংগীত শিল্পী পল্লব কীর্তনিয়া। তাঁর দাবি, গত এক দশকে শাসকের রক্তচক্ষু ও অদৃশ্য নিষেধাজ্ঞায় তাঁকে কার্যত ব্ল্যাকলিস্ট করা হয়েছে। সম্প্রতি বর্ধমানের ভাতারে একটি বইমেলায় ২৫ ডিসেম্বরের নির্ধারিত অনুষ্ঠান ‘উপরমহলের প্রবল চাপ’-এ শেষ মুহূর্তে বাতিল হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন শিল্পী।
পল্লববাবুর মতে, সরকারি বা বেসরকারি মঞ্চে তাঁর নাম উঠলেই নেমে আসে বাধার প্রাচীর। দুর্নীতির বিরুদ্ধে গান বাঁধা এবং প্রতিবাদের মাশুল হিসেবে রবীন্দ্র সদনের মতো মঞ্চেও হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। লগ্নজিতা বিতর্কের আবহে শিল্পী স্পষ্ট জানান, ক্ষমতার বিরুদ্ধে গান বাঁধলে এই একাকীত্ব ও নিঃসঙ্গতা অনিবার্য। শিল্পীদের প্রতি তাঁর আহ্বান, নিজের আখের না গুছিয়ে অন্তত বিবেকের তাগিদে প্রতিবাদী হোক বাংলা সংস্কৃতি।

