শাহকে পাল্টাচাল অভিষেকের! ভোটার তালিকা সংশোধনে বড়সড় ‘গণ্ডগোল’ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে সরাসরি সংঘাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহ দাবি করেন, তামিলনাড়ু বা কেরলে এসআইআর নিয়ে কোনো অভিযোগ নেই, কেবল পশ্চিমবঙ্গেই কেন এই বিতর্ক? তাঁর পাল্টা তোপ, “তৃণমূল জানে তারা হারবে, তাই আগেভাগেই অজুহাত তৈরি করছে।”
পাল্টা জবাবে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ১.২ কোটি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিহীন অসঙ্গতি চিহ্নিত করা হলো? তাঁর অভিযোগ, এই বাছাই করা নজরদারি আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিষেক স্পষ্ট জানান, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি রাজনৈতিক স্বার্থসিদ্ধি করছে এবং জাতীয় সংবাদমাধ্যম সেই মূল প্রশ্নটি এড়িয়ে যাচ্ছে।
বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা সংশোধনের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে। তৃণমূল যেখানে একে গভীর ষড়যন্ত্র বলছে, বিজেপি সেখানে একে স্বচ্ছ প্রক্রিয়া বলে দাবি করছে। শাহ ও অভিষেকের এই বাকযুদ্ধ ভোটের লড়াইকে আরও উত্তপ্ত করে তুলল।

