শাহরুখ-নীল নীতিন মুকেশের সেই বিবাদ কি সাজানো? দীর্ঘ ১৭ বছর পর সত্য ফাঁস করলেন বীর দাস – এবেলা
এবেলা ডেস্কঃ
২০০৯ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খান এবং নীল নীতিন মুকেশের মধ্যকার বহুল চর্চিত বাকবিতণ্ডার নেপথ্য কাহিনী প্রকাশ্যে আনলেন অভিনেতা ও কমেডিয়ান বীর দাস। দীর্ঘ ১৭ বছর পর তিনি জানালেন, মঞ্চে নীল নীতিন মুকেশের শাহরুখকে ‘শাট আপ’ বলা বা পদবি নিয়ে করা রসিকতা কোনো আকস্মিক ঘটনা ছিল না। বীর দাসের দাবি অনুযায়ী, পুরো বিষয়টিই ছিল আগে থেকে নির্ধারিত একটি চিত্রনাট্যের অংশ।
সেই অনুষ্ঠানের স্ক্রিপ্ট রাইটিং টিমের সদস্য হিসেবে বীর দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হাস্যরস তৈরির উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছিল। নীল নীতিন মুকেশ অত্যন্ত স্পোর্টিংলি এই মজায় অংশ নিয়েছিলেন এবং যা ঘটেছিল তা কেবলই অভিনয়ের অংশ। অথচ দীর্ঘ সময় ধরে দর্শকরা একে বাস্তব বিবাদ হিসেবেই জেনে এসেছেন। মূলত এডিটিং এবং আবহ সঙ্গীতের কারসাজিতেই সাধারণ একটি কৌতুক চরম উত্তেজনাকর পরিস্থিতির রূপ নিয়েছিল।
বীর দাসের মতে, টিভি সম্প্রচারের সময় নাটকীয় মিউজিক এবং মেগা সিরিয়ালের কায়দায় এডিটিং করায় দর্শকদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে তিনি ভারতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংস্কৃতি নিয়ে আলোকপাত করে জানান, বড় তারকাদের নিয়ে রসিকতা করা এ দেশে বেশ চ্যালেঞ্জিং। পর্দার পেছনের এই সত্য সামনে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে সেই পুরনো ভাইরাল ভিডিওটি নিয়ে।

