শিক্ষকদের ঘরে ঘরে বসাতেই হবে মোদির প্রকল্পের সোলার প্যানেল, অন্যথায় বেতন বন্ধ- শিক্ষকদের ওপর নয়া ফতোয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের মউ জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পিএম সূর্যঘর যোজনা’ ঘিরে শিক্ষা দপ্তরের এক বিতর্কিত নির্দেশে শোরগোল শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক শিক্ষককে তাঁদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে। শুধু তাই নয়, প্যানেল বসানোর পর সেই ছবি ও প্রয়োজনীয় নথিপত্র মানব সম্পদ পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন।
এই আজব ফতোয়া ঘিরে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এর আগে শিক্ষকদের কুকুরের কামড়ের ওপর নজরদারি ও জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অ-শিক্ষকসুলভ কাজে নিয়োগ করায় বিতর্ক হয়েছিল। বিরোধীদের অভিযোগ, পড়াশোনা লাটে তুলে দিয়ে সরকার শিক্ষকদের দিয়ে একের পর এক অবাস্তব কাজ করিয়ে শিশুদের শিক্ষার অধিকার ক্ষুণ্ণ করছে। সোলার প্যানেল বসানোর এই বাধ্যবাধকতা ও বেতন আটকে দেওয়ার হুমকিকে ‘চাপিয়ে দেওয়ার রাজনীতি’ হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষাবিদ ও বিরোধী দলগুলো।

