শিক্ষক নিয়োগ থমকে রাজ্যে, বিষয়ভিত্তিক শিক্ষকশূন্যতায় ধুঁকছে সরকারি স্কুলগুলো – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি স্কুলগুলোতে শিক্ষক সংকটের জেরে পঠনপাঠন লাটে ওঠার জোগাড়। ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিল হওয়া এবং ‘অযোগ্য’ শিক্ষকদের চাকরি যাওয়ায় বহু পদ শূন্য থাকলেও তা পূরণ হয়নি। ফলে নিরুপায় হয়ে এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। বহু ক্ষেত্রে পর্যাপ্ত পড়ুয়া থাকা সত্ত্বেও জেলা স্কুল পরিদর্শক দফতর নতুন করে শিক্ষক পদের অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন প্রধানশিক্ষকরা।
স্কুল কর্তৃপক্ষের দাবি, বিশেষ করে বিজ্ঞান ও ভূগোলের মতো বিষয়ে শিক্ষকের অভাব প্রকট। মেদিনীপুর থেকে জলপাইগুড়ি— সর্বত্রই একই চিত্র। অনেক স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে কয়েক’শ পড়ুয়া থাকলেও প্রতিটি বিষয়ের জন্য মাত্র একজন শিক্ষক দিয়ে কাজ চালাতে হচ্ছে। কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে ক্লাস বন্ধ রাখা ছাড়া উপায় থাকছে না। গ্রামীণ ও মফস্সল এলাকার সাধারণ পরিবারের পড়ুয়ারা এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষক মহলের একাংশের মতে, এই সমস্যার মূলে রয়েছে শিক্ষক-পড়ুয়া অনুপাতের আসাম বণ্টন। কলকাতার অনেক স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষক বেশি থাকলেও জেলাগুলোতে উল্টো ছবি। এই চরম অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান যেমন নিম্নগামী হচ্ছে, তেমনই কয়েক হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই এই অচলাবস্থা কাটানো সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞ প্রধানশিক্ষকরা।

