শিক্ষার্থী আত্মহত্যা করলে এবার সরাসরি কড়া শাস্তির মুখে পড়বেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা – এবেলা
এবেলা ডেস্কঃ
শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার চাপ বা অন্য কোনো কারণে ছাত্র আত্মহত্যার ঘটনা ঘটলে এবার সরাসরি দায়বদ্ধ করা হবে কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের। কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ক্যাম্পাসে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে গাফিলতি প্রমাণিত হলে প্রতিষ্ঠানটির পরিচালক, উপাচার্য, অধ্যক্ষ, ডিন এবং বিভাগীয় প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন আরও বেশি বাধ্যতামূলক হয়ে উঠল।
কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নির্দিষ্ট তদন্ত রিপোর্টে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়বদ্ধতা সামনে এলে তাদের পদ থেকে অপসারণ করা হতে পারে। একইসঙ্গে অপরাধের গুরুত্ব বিচার করে মোটা অঙ্কের জরিমানার বিধানও রাখা হয়েছে। মূলত একাডেমিক চাপ কমানো এবং ক্যাম্পাসগুলোকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ করে তুলতেই এই ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মোদী সরকার।

