শিবরাত্রিতে তারকেশ্বর যাত্রীদের জন্য সুখবর, ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন ঘোষণা করল পূর্ব রেল – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। প্রতি বছর শিবরাত্রির সময় তারকেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় থাকে। সেই অতিরিক্ত ভিড় সামাল দিতেই হাওড়া ও তারকেশ্বরের মধ্যে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে।
রেল সূত্রের খবর অনুযায়ী, আগামী রবি ও সোমবার অর্থাৎ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এই স্পেশাল ট্রেনটি চালানো হবে। দেখে নিন এই ট্রেনের সময়সূচী এবং যাত্রাপথ।
আপ স্পেশাল ট্রেনের সময়সূচী
হাওড়া স্টেশন থেকে দুপুর ২টো ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়বে এবং তারকেশ্বর পৌঁছবে বিকেল ৪টে ১৪ মিনিটে। মাঝপথে শেওড়াফুলি জংশনে ট্রেনটি পৌঁছবে ৩টে ২২ মিনিটে। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতিটি স্টেশনেই এই ট্রেনটি থামবে।
ডাউন স্পেশাল ট্রেনের সময়সূচী
ফিরতি পথে তারকেশ্বর থেকে ডাউন স্পেশাল ট্রেনটি ছাড়বে বিকেল ৪টে ৪৫ মিনিটে। সেটি শেওড়াফুলি জংশনে পৌঁছবে বিকেল ৫টা ৩৩ মিনিটে এবং হাওড়া স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। ফেরার পথেও ট্রেনটি প্রতিটি স্টেশনে স্টপেজ দেবে।
যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ
পূর্ব রেল জানিয়েছে, শিবরাত্রির মেলা উপলক্ষে প্রচুর মানুষ তারকেশ্বরে যাতায়াত করেন। সাধারণ লোকাল ট্রেনের ওপর চাপ কমাতে এবং যাত্রীদের সফর আরামদায়ক করতে এই দুই দিন বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়া থেকে তারকেশ্বর রুটের সমস্ত স্টেশন যেমন— লিলুয়া, বেলুর, বালি, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি, সিঙ্গুর, কামারকুণ্ডু এবং হরিপাল হয়ে ট্রেনটি গন্তব্যে পৌঁছবে।
শিবরাত্রির পুণ্য লগ্নে যারা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য রেলের এই ঘোষণা নিঃসন্দেহে অত্যন্ত স্বস্তিদায়ক।

