শিরোনাম: বিমান দুর্ঘটনার যুক্তি দিয়েও শেষ রক্ষা হলো না আনন্দপুরের গোডাউন মালিকের – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার গোডাউন মালিক গঙ্গাধর দাসকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। বুধবার বারুইপুর আদালতে শুনানির সময় অভিযুক্তের আইনজীবী অদ্ভুত দাবি তোলেন। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় যেমন মালিককে ধরা হয় না, তেমনি ভাড়াটিয়ার ভুলের দায়ে সম্পত্তির মালিককে দায়ী করা অযৌক্তিক।
৭০ বছর বয়সী গঙ্গাধরের পক্ষ থেকে বার্ধক্য ও অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। সরকারি কৌঁসুলি জানান, গোডাউনে বিপদজ্জনক দাহ্য পদার্থ মজুতের দায় মালিক এড়াতে পারেন না। শেষ পর্যন্ত সত্য উদঘাটনের স্বার্থে আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। অভিযুক্তের পাসপোর্ট জমা রাখার প্রস্তাবও এজলাসে অগ্রাহ্য হয়।

