শিলচরে চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ ও অর্থ লুট, উত্তাল কাছাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলচর বাইপাস রোডে বন্ধুর সঙ্গে গাড়িতে বসে থাকা অবস্থায় এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে আসামের কাছাড় জেলা। অভিযোগ অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি রাতে একটি এসইউভিতে আসা সাত যুবক তরুণীর বন্ধুকে আটকে রেখে একে একে তাঁকে নির্যাতন করে। পাশবিক এই ঘটনার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে অনলাইনে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। শিলচর সদর থানায় গণধর্ষণ, ডাকাতি ও তোলাবাজির ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক স্থানীয় সাংবাদিককে অভিযুক্তদের আত্মীয়রা মারধর করায় এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। এই ঘটনায় পুলিশ আরও একজনকে আটক করেছে।
তৃণমূল সাংসদ সুস্মিতা দেব কাছাড়ের পুলিশ সুপারকে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা ও বয়ান রেকর্ড করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং গুজব রোধে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় জনতা।

