শিলচরে প্রেমিকের সামনে তরুণীকে গণধর্ষণ ও লুটপাট, গ্রেফতার ২ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:44 pm
আসামের শিলচর শহরের উপকণ্ঠে এক তরুণীকে তাঁর প্রেমিকের সামনেই গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নির্যাতিতার দাবি, বাইপাস রোডে গাড়িতে থাকাকালীন সাত যুবক তাঁদের ঘিরে ধরে এবং তাঁকে জোরপূর্বক নামিয়ে পাশবিক নির্যাতন চালায়। অভিযুক্তরা কেবল শারীরিক হেনস্থাই করেনি, ভয় দেখিয়ে অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে তরুণীর থেকে ১০ হাজার টাকাও হাতিয়ে নেয়।
ঘটনার পর শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার শনাক্তকরণের ভিত্তিতে ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচ পলাতক অভিযুক্তের সন্ধানে জোরকদমে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। পুলিশি তৎপরতায় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও বয়ান নথিভুক্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, লুটপাট ও হুমকির মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই নৃশংস ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দ্রুত ন্যায়বিচারের দাবি তুলেছেন সাধারণ মানুষ।

