লেটেস্ট নিউজ

শিলিগুড়ির হোটেলে তরুণীকে আটকে নারকীয় নির্যাতন ও ধর্ষণ, অভিযুক্ত প্রেমিক গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ির চেকপোস্ট এলাকার এক নামী হোটেলে প্রেমিকার ওপর তিন দিন ধরে অকথ্য নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নকশালবাড়ির বাসিন্দা অভিনব ঘোষকে। গত মঙ্গলবার পার্টি দেওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে আটকে রেখে দফায় দফায় ধর্ষণ এবং শরীরের বিভিন্ন অংশে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বছরখানেক আগে তাদের আলাপ ও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

বুধবার রাতে কোনোক্রমে বাঁধন মুক্ত হয়ে রক্তাক্ত অবস্থায় ওই তরুণী ভক্তিনগর থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার সারা শরীরে গভীর ক্ষত ও মারধরের চিহ্ন দেখে হতবাক তদন্তকারী আধিকারিকরাও। তরুণীর অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। শিলিগুড়ির মতো পর্যটন শহরের বুকে বিলাসবহুল হোটেলের অন্দরে এমন মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বর্তমানে নির্যাতিতা তরুণী আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার বিশদ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *