শিশু নিরাপত্তায় গাফিলতি: নিউ মেক্সিকোতে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা – এবেলা
এবেলা ডেস্কঃ
শিশু নিরাপত্তায় অবহেলা এবং ব্যবহারকারীদের বিভ্রান্ত করার দায়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি আদালত। জুরি বোর্ডের মতে, মেটা জেনেশুনে অ্যালগরিদমের মাধ্যমে নাবালকদের যৌন উত্তেজক কন্টেন্টের দিকে পরিচালিত করেছে এবং অপরাধীদের জন্য প্ল্যাটফর্মটিকে সহজলভ্য করে তুলেছে। ২০২৩ সালে দায়ের করা এই মামলায় আদালত মেটার অভ্যন্তরীণ নথি ও প্রাক্তন কর্মীদের বয়ান খতিয়ে দেখে এই ঐতিহাসিক রায় প্রদান করে।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল টরেজ এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, শিশু নিরাপত্তা ইস্যুতে এই প্রথম কোনো মার্কিন প্রদেশ মেটাকে সফলভাবে অভিযুক্ত করল। সাত সপ্তাহ ধরে চলা শুনানিতে প্রমাণিত হয়েছে যে, মেটা শিশুদের সুরক্ষার চেয়ে নিজেদের ব্যবসায়িক অ্যালগরিদমকে বেশি গুরুত্ব দিয়েছে। এই রায় প্রযুক্তি জগতের নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে মেটা কর্তৃপক্ষ এই রায় প্রত্যাখ্যান করে উচ্চতর আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার মুখপাত্রের দাবি, তারা প্ল্যাটফর্ম নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করেন এবং কিশোর-কিশোরীদের সুরক্ষায় তাদের অতীত রেকর্ড সন্তোষজনক। ক্ষতিকর কন্টেন্ট পুরোপুরি নির্মূল করা আসাম্ভব চ্যালেঞ্জিং হলেও তারা এ বিষয়ে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আপাতত এই বিপুল অংকের জরিমানা মেটার নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

