শিশু শিক্ষা কেন্দ্রে পচা ডিম ও নিম্নমানের খাবার, বিক্ষোভ অভিভাবকদের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভগবানগোলা ২ নম্বর ব্লকের টপিডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে পচা ডিম ও নিম্নমানের মধ্যাহ্নভোজ দেওয়ার অভিযোগে উত্তপ্ত এলাকা। রানিতলা থানার অন্তর্গত ওই কেন্দ্রে শুক্রবার পড়ুয়াদের পাতে পচা ডিম দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে স্কুল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, শিশুদের স্বাস্থ্য উপেক্ষা করে বারবার এমন অনিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। অতীতে প্রতিবাদ জানালেও সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ।
প্রধান শিক্ষিকা বুলবুলি বিবির কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং খাবারের গুণমান নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকেরা। যথাযথ তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের আরজি জানিয়েছেন তাঁরা।

