শীঘ্রই কি তুষারপাত? কলকাতায় একধাক্কায় ১১ ডিগ্রিতে নামল পারদ, শীতের নতুন পূর্বাভাস জানুন – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় শীতের দাপট সাময়িক কমলেও নতুন করে পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি তাপমাত্রা ১১ ডিগ্রিতে নামলেও বর্তমানে তা কিছুটা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের দাপট অব্যাহত থাকবে। আবহাওয়াবিদদের মতে, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই কুয়াশার দাপটে যান চলাচলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। হিমেল হাওয়ার প্রভাবে জানুয়ারির এই মরসুমে হাড় কাঁপানো ঠান্ডা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।

