লেটেস্ট নিউজ

শীতের আমেজ কাটতেই বৃষ্টির ভ্রুকুটি, আগামী সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ

শীতের আমেজ পুরোপুরি না কাটতেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার পাশাপাশি ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে।

বৃষ্টির পূর্বাভাসের মাঝেই রাজ্যে ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উপকূলের জেলাগুলোতেও পারদ ১৯ থেকে ২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। নিম্নচাপের প্রভাবে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হওয়ায় শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে গিয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে পাহাড় ও সমতল—উভয় অঞ্চলেই সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় পারদ কিছুটা চড়লেও শিলিগুড়ি ও মালদহ সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্যজুড়ে এখন শীতের আমেজ কাটিয়ে বসন্তের আগমনের প্রস্তুতি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *