শীতের কারণে যুদ্ধবিরতি! পুতিনকে রাজি করালেন ট্রাম্প – এবেলা
এবেলা ডেস্কঃ
তীব্র ঠান্ডায় কাবু ইউক্রেন, আর এই পরিস্থিতিতেই মানবিকতার খাতিরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর অনুরোধ মেনেই আগামী এক সপ্তাহ ইউক্রেনে সমস্ত রকম হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন পুতিন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “আমি নিজে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলাম যেন কিভসহ অন্যান্য শহরগুলোতে গোলাবর্ষণ বন্ধ রাখা হয়। সেখানে এখন অস্বাভাবিক ঠান্ডা পড়েছে। আমি তাঁকে এক সপ্তাহের সময় দিতে বলেছিলাম এবং তিনি তাতে সম্মত হয়েছেন।”
এই সমঝোতাকে ‘অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি আরও জানান, অনেকেই তাঁকে পুতিনকে ফোন করতে বারণ করেছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকে তিনি এই সাফল্য পেয়েছেন বলে দাবি করেন।
উল্লেখ্য, বিগত চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ট্রাম্পের এই মধ্যস্থতা আন্তর্জাতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। একদিকে রাশিয়া যখন ডনবাস ও ক্রিমিয়া দখলে অনড়, তখন ট্রাম্পের এই ব্যক্তিগত প্রভাব যুদ্ধ থামাতে কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।

