শীর্ষে ওঠার লড়াইয়ে বড় চমক রয়্যাল সিটির জয়ের হ্যাটট্রিক সন্দীপ নন্দীর দলের – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গল সুপার লিগের টানটান লড়াইয়ে নর্থ ২৪ পরগনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে উঠে এল জেএইচআর রয়্যাল সিটি। নৈহাটি স্টেডিয়ামে রবি হাঁসদা ও রিজওয়ানের গোলে এই জয় নিশ্চিত হয়। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সুন্দরবনকে টপকে শীর্ষস্থান দখল করল শাহিদ রামনের প্রশিক্ষণাধীন দলটি। অন্যদিকে, লিগের শীর্ষ গোলদাতা হিসেবে নিজের আধিপত্য বজায় রেখেছেন রবি হাঁসদা।
টানা হারের ধাক্কা সামলে জয়ের হ্যাটট্রিক করে লিগে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল সন্দীপ নন্দীর বর্ধমান ব্লাস্টার্স। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি-কে ১-০ গোলে পরাজিত করেছে তারা। ২৮ মিনিটে লতিফ কিয়েম্বের জয়সূচক গোলটি বর্ধমানকে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে তুলে আনে। লিগের শুরুটা খারাপ হলেও বর্তমান এই ছন্দ দলটির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

