শীর্ষ আদালতের হস্তক্ষেপে বদলাচ্ছে ‘ঘুষখোর পণ্ডিত’ ছবির বিতর্কিত নাম
পরিচালক নীরজ পাণ্ডের আগামী ছবি ‘ঘুষখোর পণ্ডিত’-এর নাম পরিবর্তনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.ভি. নাগরাথনা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে হেয় করার অধিকার দেয় না। এই প্রেক্ষিতে পরিচালক সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে বিতর্কিত শিরোনামটি সম্পূর্ণ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন।
এর আগে ছবির টিজার মুক্তি পেতেই ব্রাহ্মণ সমাজকে অবমাননার অভিযোগে উত্তরপ্রদেশে এফআইআর দায়ের হয়। বিতর্কের জেরে দিল্লি হাইকোর্টেও মামলা গড়ায়। নির্মাতারা আদালতকে জানিয়েছেন, জনমতের কথা বিবেচনা করে গত ৬ ফেব্রুয়ারি সমস্ত প্রচারমূলক সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। ছবিটি একটি কাল্পনিক পুলিশ-ড্রামা এবং কোনো জাতি বা ধর্মকে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না।
মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবিটির নতুন নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্মাতারা কথা দিয়েছেন, নতুন শিরোনামে আগের নামের কোনো ইঙ্গিত থাকবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর অবশেষে আইনি জটিলতা কাটাতে নাম বদলের পথেই হাঁটল প্রযোজনা সংস্থা। এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এই সিনেমাটি।

