শুভেন্দুর গড়ে ফের ঘাসফুল শিবিরের দাপট আর নন্দীগ্রামে ধরাশায়ী বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ফের বড়সড় ধাক্কা খেল বিজেপি। রানিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে জয়জয়কার হল তৃণমূল কংগ্রেসের। এই সমবায় সমিতির মোট ৪৫টি আসনের মধ্যে ৫টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল। বাকি ৪০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত পদ্ম শিবিরকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল তৃণমূল।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি মাত্র ১৮টি আসনে সীমাবদ্ধ রয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত নন্দীগ্রামে এই সমবায় নির্বাচনে পরাজয় গেরুয়া শিবিরের জন্য যথেষ্ট অস্বস্তিকর বলে মনে করা হচ্ছে। স্থানীয় রাজনীতিতে এই জয় তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

