শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা, হাই কোর্টে রিপোর্ট পেশ পুলিশের – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্তমানে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজের বিরুদ্ধে থাকা মামলার সঠিক তথ্য জানতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করে রাজ্য ও কলকাতা পুলিশ।
পুলিশি রিপোর্টে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিশে ৭টি এবং রাজ্য পুলিশের অধীনে আরও ২৫টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর—উভয় কেন্দ্র থেকেই প্রার্থী হওয়া এই বিজেপি নেতার আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার বিস্তারিত খতিয়ান তলব করেছিল। রিপোর্ট পেশের পর বিচারপতি ভট্টাচার্য এই মামলার নিষ্পত্তি ঘোষণা করেন।
একইভাবে নিজের বিরুদ্ধে থাকা মামলার তথ্য জানতে আদালতের শরণাপন্ন হয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে ৪টি মামলার কথা জানালেও রাজ্য পুলিশ পূর্ণাঙ্গ তথ্য পেশ করতে সময় চেয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে থাকা সমস্ত মামলার বিশদ বিবরণ আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ।

