শূন্যপদ যাচাই না করেই বদলি, এসএসসি-র ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) খামখেয়ালি কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শূন্যপদ আছে কিনা তা নিশ্চিত না করেই এক কর্মীকে বদলির নির্দেশ দেওয়ায় প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ উঠেছে। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণে কোনো কর্মীকে অনিশ্চয়তার মুখে ফেলা যাবে না।
মামলাটি বীরভূমের বাসিন্দা পার্থসারথি দলুইয়ের। ২০১৩ সালে গ্রুপ-ডি পদে নিযুক্ত এই কর্মী তাঁর অসুস্থ স্ত্রী ও নিজের শারীরিক সমস্যার কারণে বাড়ির কাছে বদলির আবেদন জানিয়েছিলেন। এসএসসি তাঁকে নিকটবর্তী একটি স্কুলে যোগদানের নির্দেশ দিলেও সেখানে গিয়ে তিনি জানতে পারেন কোনো শূন্যপদ নেই। জেলা স্কুল পরিদর্শক ও এসএসসি দফতরে বারবার আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।
শুনানি শেষে বিচারপতি সিনহা বিস্ময় প্রকাশ করে জানান, পদ খালি আছে কিনা তা যাচাই করা কমিশনের প্রাথমিক দায়িত্ব। এই প্রশাসনিক গাফিলতি সংশোধনের জন্য আদালত দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে। উপযুক্ত শূন্যপদ রয়েছে এমন স্কুলেই পার্থসারথিকে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

