লেটেস্ট নিউজ

শেয়ার বাজারে ব্যাপক ধস: এক দিনে ১৮০০ পয়েন্ট পড়ল সেনসেক্স – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্ববাজারের নেতিবাচক প্রভাবে সপ্তাহের প্রথম দিনেই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় বিপর্যয় নেমে এসেছে। সোমবার বাজার খোলার সাথে সাথেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৮০০ পয়েন্টের বেশি পড়ে যায়। একইসঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও প্রায় ৫৭৫ পয়েন্ট হ্রাস পেয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ইরান-ইজরায়েল সংঘাত এবং অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিই এই ধসের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

বাজারের এই অস্থিরতায় বিএসই-র ৩০টি লার্জ-ক্যাপ স্টকের প্রতিটিই লোকসানে লেনদেন করছে। বিশেষ করে টাটা স্টিল, এসবিআই, বাজাজ ফাইন্যান্স এবং এইচডিএফসি ব্যাংকের শেয়ার দর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সেনসেক্স ৭২,৭২৪ পয়েন্টে এবং নিফটি ২২,৫৩৮ পয়েন্টের স্তরে নেমে আসায় দালাল স্ট্রিটে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য বাজারগুলোতেও ধসের চিত্র ফুটে উঠেছে। জাপানের নিক্কেই ৪.১০ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫.১০ শতাংশ পর্যন্ত পড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকসহ ইউরোপীয় বাজারগুলোতেও নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *