শ্যামনগরে বিজেপিতে বড়সড় ধস, উন্নয়নকে সঙ্গী করে তৃণমূলে শতাধিক পরিবার
বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর অঞ্চলে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে ওই অঞ্চলের ১০০টিরও বেশি পরিবার গেরুয়া শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগদান করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই গণ-দলবদল স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত এবং কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহারের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে নবাগত সদস্যরা এলাকার সার্বিক উন্নয়নে সামিল হওয়ার অঙ্গীকার করেন। ব্লক ও অঞ্চল নেতৃত্বের সক্রিয় সহায়তায় এই কর্মসূচিটি আয়োজিত হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল সভাপতি অনুপ চক্রবর্তী এবং অঞ্চল সভাপতি রঞ্জিত লোহাড় সহ অন্যান্য নেতৃত্ব। নেতৃবৃন্দ দাবি করেন, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ায় বিরোধীরা ভিত্তিহীন হয়ে পড়ছে। এই দলবদলের ফলে শ্যামনগর এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হলো।

