শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর, তুলে ধরলেন উন্নয়ন খতিয়ান
যুগাবতার শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে শ্রদ্ধা নিবেদন করে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি জানান, ঠাকুরের ‘যত মত তত পথ’ এবং ‘শিবজ্ঞানে জীবসেবা’র শাশ্বত শিক্ষাই তাঁর সরকারের পথচলার মূল প্রেরণা। বাংলার এই পবিত্র ভূমি রামকৃষ্ণের আবির্ভাবে ধন্য হয়েছে উল্লেখ করে তিনি আমৃত্যু মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ধর্মীয় সম্প্রীতির পাশাপাশি দক্ষিণেশ্বর, কামারপুকুর ও জয়রামবাটির পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দক্ষিণেশ্বর মন্দিরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ‘রানি রাসমণি স্কাইওয়াক’, আলোকসজ্জা ও সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে। এমনকি রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বর স্টেশনকে মন্দিরের আদলে সাজানোর স্মৃতিও তিনি এদিন স্মরণ করেন।
তীর্থক্ষেত্রগুলোর শ্রীবৃদ্ধিতে জয়রামবাটি-কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে বিপুল আর্থিক সহায়তার কথা জানান প্রশাসনিক প্রধান। তিনি উল্লেখ করেন, পর্যটন ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য ইতিমধ্যে প্রায় ৮০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। মাতৃমন্দির সংস্কার থেকে শুরু করে ভক্তদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধ বলে তিনি দাবি করেন।

