সংসদে অস্বস্তি এড়াতে সুকৌশলে প্রশ্ন বাতিলের অভিযোগ তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন বাতিলের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের দাবি, যে সমস্ত প্রশ্ন কেন্দ্রকে রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলতে পারে, সুকৌশলে সংসদীয় প্রক্রিয়া থেকে সেগুলি বাদ দেওয়া হচ্ছে। মূলত পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একাধিক ইস্যুতেই এই বিরোধ দেখা দিয়েছে।
তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন এবং আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি সংক্রান্ত প্রশ্নগুলি সংসদে গ্রহণ করা হয়নি। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যখন জমি না দেওয়ার অভিযোগ তুলছেন, তখন অন্য কোন কোন রাজ্যে একই সমস্যা রয়েছে— সাংসদ মালা রায়ের সেই প্রশ্নটি গ্রাহ্য হয়নি। কেন্দ্রীয় সরকারের এমন অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছে ঘাসফুল শিবির।
একইভাবে রাজ্যসভাতেও অনুপ্রবেশকারী সংক্রান্ত তথ্য জানতে চেয়ে করা প্রশ্নগুলি এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিগত দশ বছরে কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছে, সেই তথ্য কেন্দ্র কেন দিচ্ছে না তা নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিরোধীদের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট ও নীতিগত প্রশ্ন এড়িয়ে গিয়ে সরকার সংসদীয় স্বচ্ছতাকে ক্ষুন্ন করছে।

