সকালের জলখাবারে একঘেয়েমি কাটাতে ট্রাই করুন কেরলের স্পেশাল আপ্পম – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রতিদিনের পরোটা বা পোহার একঘেয়েমি কাটাতে সকালের জলখাবারে দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ ‘আপ্পম’ হতে পারে আদর্শ বিকল্প। চাল ও নারকেল দিয়ে তৈরি এই খাবারটি অত্যন্ত নরম ও পুষ্টিকর, যা সারাদিন শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। অল্প উপকরণে ঘরেই সহজে তৈরি করা যায় এই সুস্বাদু পদটি।
আপ্পম তৈরির জন্য প্রথমে চাল ও কোরা নারকেল অন্তত ছয় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর চিনি ও লবণ সহযোগে মিশ্রণটি মিক্সারে পেস্ট করে মসৃণ ব্যাটার তৈরি করুন। মিশ্রণে সামান্য ইস্ট মিশিয়ে কিছু সময় উষ্ণ স্থানে রেখে দিলে ব্যাটারটি ফুলে উঠবে, যা আপ্পমকে নরম ও হালকা করতে সাহায্য করবে।
রান্নার জন্য ননস্টিক প্যানে ব্যাটার ঢেলে হালকা ঘুরিয়ে গোল আকৃতি দিন এবং ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করুন। কিনারাগুলো হালকা বাদামি ও মচমচে হয়ে এলে তৈরি হয়ে যাবে গরম গরম আপ্পম। নারকেলের চাটনি বা সবজির স্টুর সঙ্গে পরিবেশন করলে সকালের টিফিনয় মিলবে এক ভিন্ন ও রাজকীয় স্বাদ।

