সড়ক উন্নয়ন তহবিলে বাংলার ঝুলি শূন্য, হাজার হাজার কোটি টাকা পাচ্ছে মোদি শাহের পছন্দের তিন রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পেট্রপণ্যের সেস বাবদ পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করলেও রাজ্যকে প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (সিআইআরএফ) খাতে গত দুই অর্থবর্ষে বাংলার জন্য নতুন প্রকল্পের বরাদ্দ শূন্য। অথচ একই সময়ে উত্তরপ্রদেশ, রাজস্থান ও গুজরাতের মতো রাজ্যগুলোর জন্য ৫ হাজার ২৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। নিয়ম অনুযায়ী, বাংলা থেকে সংগৃহীত সেসের বড় অংশ সড়ক পরিকাঠামো উন্নয়নে ফেরত দেওয়ার কথা থাকলেও ২০২২-২৩ সালের পর রাজ্যকে আর কোনো অর্থ দেওয়া হয়নি।
কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নবান্ন। রাজ্যের দাবি, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও অর্থাভাবের অজুহাত দেখিয়ে বাংলার প্রকল্পগুলো আটকে রাখা হয়েছে, অথচ ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে বরাদ্দের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর সেতুসহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতুর কাজ নিজস্ব তহবিল থেকেই সম্পন্ন করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় রিপোর্টে বৈষম্যের এই চিত্র স্পষ্ট হওয়ায় নিজেদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষে নবান্ন ফের নতুন করে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

