লেটেস্ট নিউজ

সতর্ক না হলেই সর্বনাশ! ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে প্রাক্তন ভিসি হারালেন ৩৫ লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

খোদ কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর কবলে পড়ে বিপুল পরিমাণ অর্থ খোয়ালেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (WBSU) প্রাক্তন উপাচার্য অশোক রঞ্জন ঠাকুর। সল্টলেকের বাসিন্দা সাতাত্তর বছর বয়সী এই অধ্যাপককে আন্তর্জাতিক অপরাধচক্রে জড়িত থাকার ভয় দেখিয়ে গত জানুয়ারির প্রথম দু’সপ্তাহ ধরে মানসিকভাবে হেনস্তা করা হয়। সাইবার অপরাধীরা নিজেদের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারের হুমকি দেয় এবং সুপ্রিম কোর্টের নামে জাল নোটিস পাঠিয়ে প্রবীণ এই অধ্যাপকের মনে আতঙ্ক সৃষ্টি করে।

তদন্তে জানা গেছে, প্রতারকরা সিগন্যাল অ্যাপের মাধ্যমে ওই অধ্যাপককে নজরবন্দি করে রাখে এবং স্থায়ী আমানত ভেঙে ৩৫ লক্ষ টাকা হস্তান্তরের জন্য বাধ্য করে। তথাকথিত ‘ভেরিফিকেশন’-এর নামে আরটিজিএস মারফত এই টাকা দুটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠান তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্তে নেমেছে। ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরের সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ সাধারণ মানুষকে যেকোনো অজানা ভিডিও কল বা হুমকি সম্পর্কে সর্বদা সতর্ক থাকতে অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *