সন্ধে নামলেই ধেয়ে আসছে কালবৈশাখী, ১২ জেলায় ঝমঝমিয়ে শিলাবৃষ্টির সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
চৈত্রের শুরুতেই তছনছ হতে পারে বাংলা। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের দাপটে শুক্রবার সন্ধেয় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান ও নদীয়া-সহ মোট ১২টি জেলায় শিলাবৃষ্টির চরম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত জলে নামতে নিষেধ করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা প্রবল।
শিলাবৃষ্টির কবলে পড়তে পারে যে জেলাগুলি
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া।

