সমূদ্রের নিচে শত্রুর যম! ভারতীয় নৌসেনায় যুক্ত হলো দেশীয় প্রযুক্তির ঘাতক জাহাজ আইএনএস অঞ্জদীপ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে আজ যুক্ত হলো আধুনিক যুদ্ধজাহাজ আইএনএস অঞ্জদীপ (INS Anjadip)। এটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (ASW-SWC) সিরিজের তৃতীয় জাহাজ, যা সমুদ্রের অগভীর জলেও শত্রুপক্ষের সাবমেরিন বা ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) দ্বারা নির্মিত এই জাহাজটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।
প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারতের বড় জয়
পুরানো ‘অভয়-শ্রেণি’র জাহাজগুলোর জায়গা নিতেই এই বিশেষ যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীনে এই সিরিজের মোট আটটি জাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এর আগে আইএনএস অরনালা এবং আইএনএস অ্যান্ড্রথ সফলভাবে নৌসেনায় যোগ দিয়েছে।
ইস্পাত কঠিন সুরক্ষা
আইএনএস অঞ্জদীপের বিশেষত্ব হলো এর নির্মাণশৈলী। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এই প্রকল্পের জন্য প্রায় ৩,৫০০ টন বিশেষ গ্রেডের স্টিল সরবরাহ করেছে। বোকারো, ভিলাই এবং রাউরকেল্লার ইস্পাত কারখানা থেকে আসা এই উন্নত মানের স্টিল জাহাজটিকে দিয়েছে অজেয় শক্তি।
আইএনএস বিক্রান্ত বা আইএনএস নীলগিরির মতো বড় প্রজেক্টের পর অঞ্জদীপের অন্তর্ভুক্তি ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিদেশের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে দিল। সমুদ্রসীমায় নজরদারি এবং শত্রুর গোপন হানা রুখতে এই ‘ডলফিন হান্টার’ এখন ভারতের অন্যতম প্রধান হাতিয়ার।

