সম্মানের মুকুটে নতুন পালক, প্রসেনজিতের ঝুলিতে এবার পদ্মশ্রী
চলচ্চিত্র জগতে দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য সফরের স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকার তাঁকে সম্মানজনক ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করার কথা ঘোষণা করেছে। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে সাড়ে তিনশোর বেশি ছবিতে অভিনয় করা এই তারকা বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধারাতেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই প্রাপ্তিতে আপ্লুত অভিনেতা জানান, এই সম্মান গত ৪০ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা প্রতিটি মানুষের এবং সমগ্র বাংলা চলচ্চিত্রের।
প্রসেনজিতের পাশাপাশি বিনোদন জগতের আরও বেশ কয়েকজন নক্ষত্র এ বছর পদ্ম সম্মান পাচ্ছেন। প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে। এছাড়াও পদ্মভূষণ তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা মামুট্টি ও গায়িকা অলকা ইয়াগনিক। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে অভিনেতা আর মাধবন ও মরণোত্তর সতীশ শাহের। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য সন্তুর শিল্পী তরুণ ভট্টাচার্য ও তবলা বাদক পণ্ডিত কুমার বসুর মতো বরেণ্য ব্যক্তিত্বদেরও সম্মানিত করছে কেন্দ্র।

